পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রোমান্টিক টিকটক ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্কঃ বর্তমানে বহুল আলোচিত টিকটকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হাসিবুর রহমানের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিও-তে দেখা যায়, স্ত্রীর সংগে রোমান্টিক বাংলা গানের তালে নানান অঙ্গভঙ্গি করছেন তিনি। এদিকে তার এ গানের ভিডিও ছড়িয়ে পড়ায় বিব্রতকর অবস্থায় পড়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, সাবেক প্রক্টর ড. প্রীতম কুমার দাসের দায়িত্বের মেয়াদ শেষ হলে গত ২৮ জুন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১ জুলাই তার নিয়োগ কার্যকর হয়। কিছুদিন আগেই উপাচার্যের দুর্নীতির নানা খবরে শিরোনামে আসা পাবিপ্রবিকে নিয়ে আবারও নানা মন্তব্য করছেন সবাই।

নাম প্রকাশে অনিচ্ছুক পাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষক জানান, সহকর্মীর এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ায় আমরা চরম বিব্রত। উনি কাণ্ডজ্ঞানহীন আচরণ করেছেন। শিক্ষার্থীদের সামনে লজ্জায় কোনো কথাই বলতে পারছিনা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও আমাদের নিয়ে হাসাহাসি করছেন।

অন্যদিকে এমন কাণ্ডে হতবাক পাবনার সচেতন সমাজও। পাবনা রিপোর্টাস ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন বলেন, “যখন দেশব্যাপী টিকটকের মত প্ল্যাটফর্ম নিয়ে সমালোচনা হচ্ছে, সরকারও এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সে সময় বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টরের এমন কুরুচিপূর্ণ অভিনয় অনিভিপ্রেত।”

এ বিষয়ে পাবিপ্রবি প্রক্টর হাসিবুর রহমান বলেন, “এটি আমার ব্যক্তিগত বিষয়। এসব নিয়ে আলোচনা করার কিছু নেই।”

  •  
  •  
  •  
  •  

Tags: ,