কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন
বিনোদন ডেস্কঃ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
গত মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। তারপর একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন। এমনকি দু-একদিনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার।
দিলীপ কুমার বলিউডে ‘ট্র্যাজেডি কিং’ নামে পরিচিত ছিলেন। তিনি ৬৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’ ইত্যাদি। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে।

