ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখবেন মাহি
বিনোদন ডেস্কঃ কোপা আমেরিকায় রুদ্ধশ্বাস সেমিফাইনালে শেষ পর্যন্ত টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। উঠে গেছে ফাইনালে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ১১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে হাই ভোল্টেজের সেই ম্যাচ।
শিরোপা লড়াইয়ের চুড়ান্ত এই ম্যাচে ব্রাজিল ভক্তদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট তথা জার্সি পরে মেসিদের সমর্থন দেবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আর্জেন্টিনাভক্ত এই নায়িকা সেমিফাইনালে তার পছন্দের দল জেতার পরই এমনই ঘোষণা দেন।
কলম্বিয়ার সাথে সেমিফাইনাল জিতে আর্জেন্টিনা ফাইনালে উঠার আনন্দে নিজের ফেসবুকে মাহিয়া মাহি লিখেছেন, ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুকভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।
উল্লেখ্য, ১৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালে শেষবার ব্রাজিলের বিপক্ষে খেলেছিলো আর্জেন্টিনা। সেবার রিকেলমে-মেসির আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে।

