হলি আর্টিজান নিয়ে সিনেমা বন্ধে ঢাকা থেকে আইনি নোটিশ গেলো বলিউডে!

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ জঙ্গি হামলা হলি আর্টিজানের ঘটনা নিয়ে বলিউডে ‘ফারাজ’ যে চলচ্চিত্র নির্মাণের কথা উঠেছে, ওই চলচ্চিত্রটি নির্মাণ না করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশের অবিন্তা কবির ফাউন্ডেশন-এর পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছে ল ফার্ম লিগ্যাল কাউন্সেল।

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ, চলচ্চিত্র নির্মাতা ভূষণ কুমার, হানসাল মেহেতা, সহকারি প্রযোজক অনুভব সিনহাকে এ নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ ধরনের চলচ্চিত্র নির্মাণ কোনোভাবেই কাম্য নয়। অতীতে বিদেশি একটি চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, যা বাংলাদেশের দর্শকের মনে বিরুপ প্রভাব ফেলেছে। এ ধরনের চলচ্চিত্র নির্মাণ করা হলে তা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করবে, যার নেতিবাচক প্রভাব গোটা বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতিকে চরম ক্ষতির মুখে ঠেলে দেবে। তাছাড়াও এ ধরনের চলচ্চিত্র নির্মিত হলে তা বাংলাদেশকে বহির্বিশ্বে একটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিত্রিত করবে, যা আদতে সত্যি নয়।

উল্লেখ্য ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় নিহত হন ২০ বছর বয়সী বাংলাদেশি তরুণ ফারাজ আহমেদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে দেশে ছিলেন তখন। ঘটনার সময় ফারাজও ছিলেন সেই বেকারিতে। মৃত্যুর আগে ফারাজের সঙ্গে ঘটে নানা ঘটনা।

জানা গেছে, ফারাজকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নির্মিতব্য সিনেমাটি। এতে ফারাজের চরিত্রে অভিনয় করবেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। এ সিনেমা দিয়েই তার অভিষেক হবার কথা বলিউডে। গত ৪ আগস্ট তথ্যগুলো জানিয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা সংস্থা টি-সিরিজ। ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারিনা কাপুর নিজেও।

  •  
  •  
  •  
  •  

Tags: , , ,