সড়ক দুর্ঘটনায় ‘নেটওয়ার্কের বাইরে’র অভিনয়শিল্পীরা আহত, দুজন আইসিইউতে
বিনোদন ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনয় তারকাসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। তাদের মধ্যে গুরুতর আহত দুইজন আইসিইউতে রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে প্রাইভেটকার দুর্ঘটনাটির শিকার হন এই তারকারা। সম্প্রতি ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমায় অভিনয় করে রাজ, তুষি ও বাসার বেশ আলোচিত হয়েছেন।
জানা গেছে, ভোরে ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন ওই তারকারা।
গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

