শুভ জন্মদিন মাষ্টার ব্লাষ্টার
স্পোর্টস ডেস্ক:
নিজের ৪৩তম জন্মদিনে ছেলেবেলায় ফিরে গেলেন মাষ্টার ব্লাষ্টার শচীন রমেশ টেন্ডুলকার। রোববার তিনি মুম্বাইয়ের এমআইজি ক্লাবে কচিকাচাদের সঙ্গে ক্রিকেট খেলে নিজের জন্মদিন উদযাপন করেন। ১৯৭৩ সালের আজকের দিনে পৃথিবীর মুখ দেখেছিলেন মাস্টার ব্লাস্টার ক্রিকেটার শচীন।
শচীন মানেই রেকর্ড। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে শচীনের চেয়ে রান বেশি নেই কারও। তার চেয়ে সেঞ্চুরিও বেশি নেই কারও। টেস্ট-ওয়ানডে দুঘরানার ক্রিকেটে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন। সেঞ্চুরির সেঞ্চুরিও করেছেন তিনি। এককথায় রান দিয়ে পর্বত গড়েছেন শচীন।
২০০ টেস্টে ৫৩.৭৮ গড়ে রান করেছেন ১৫,৯২১। সেঞ্চুরি ৫১টি। ফিফটি ৬৮টি। ৪৪.৮৩ গড়ে ৪৬৩টি ওয়ানডেতে শচীনের রান সংখ্যা ১৮,৪২৬। ৪৯ সেঞ্চুরির পাশে রয়েছে ৯৬টি ফিফটি।
শচীনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন,‘ জন্মদিনের অনেক শুভেচ্ছ শচীন…আমাদের গর্ব আমাদের সম্মান। হ্যাপি বার্থ ডে শচীন…তুমি আমাদের গর্বিত করেছ।’

