মেহেদি অনুষ্ঠানে উচ্ছ্বসিত মুহূর্তে বিপাশা
বিনোদন ডেস্ক:
শুরু হয়ে গেছে বিপাশা-করণের বিয়ের শুভ সময়ের কাউন্ট ডাউন। মুম্বাইয়ে চলছে তাদের মেহেদির জমকালো অনুষ্ঠান। আগামীকাল ৩০ এপ্রিল উলুধ্বনি ও শাঁখ বাজিয়ে হবে বিয়ে। কলকাতার মেয়ে বিপাশার বিয়ে হতে যাচ্ছে বাঙালি রীতিতেই। গতকাল থেকে শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। কাল সন্ধ্যায় সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয় বিপাশার মুম্বাইয়ের বাড়িতে।
সঙ্গীতে গোলাপি শাড়িতে গতকাল সেজেছিলেন বিপাশা। মাথায় কনের মুকুট পরে বাবার আশীর্বাদ নিতে দেখা গেছে তাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবু জামাই করণ সিং গ্রোভারও। আজ মেহেদিতেও মাথায় ফুলের মুকুট পরে গোলাপি ও সোনালী কারুকাজের লেহেঙ্গায় দেখা গেল বিপাশাকে। ওদিকে করণ রয়েছেন সাদা কুর্তা পাজামায়।
বলিউডের তেমন কাউকে নাকি ডাকা হয়নি এই তারকা জুটির বিয়ের উৎসবে। তবে মেহেদির একটি ছবিতে নায়িকা শিল্পা শেঠি এবং তার বোন শমিতা শেঠিকে দেখা গেল মেহেদি মাখা হাতে বিপাশার পাশে।
উল্লেখ্য, ‘অ্যালোন’ ছবির সেট থেকে পরিচয় বিপাশা বসু এবং করণ সং গ্রোভারের। বন্ধুত্ব থেকে সম্পর্কটা প্রেমের দিকে গড়াতে সময় নেয় নি। অনেকদিন প্রেম করার পর গত মার্চে বিয়ের তারিখ ঠিক করেন এই রোমান্টিক জুটি।

