এশিয়ান সায়েন্টিস্টের শীর্ষ ১০০ তালিকায় তিন বাংলাদেশি নারী

asia

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরভিত্তিক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ এশিয়ার শীর্ষ ১০০ জন বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি তিন নারী বিজ্ঞানী।

তারা হলেন- ডেল লাইভস্টক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. সালমা সুলতানা, আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী এবং বুয়েটের প্রফেসর সামিয়া সাবরিনা।

জানা গেছে, ড. ফেরদৌসী কাদরী উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে কাজ করেছেন। ২৫ বছর ধরে কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে কাজ করেছেন এমন কয়েকজন মানুষের মধ্যে তিনি অন্যতম। ২০২০ সালে ল’রিয়েল-ইউনেসকো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

ন্যানোম্যাটেরিয়্যালের ব্যবহার নিয়ে গবেষণার জন্য ২০২০ সালে ওডব্লিউএসডি-এলসেভিয়ের ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর আর্লি ক্যারিয়ার ওমেন সায়েন্টিস্ট ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড পেয়েছেন অধ্যাপক সায়মা সাবরিনা।

বাংলাদেশে পশুচিকিৎসাবিষয়ক শিক্ষাবিস্তারে ভূমিকা রয়েছে সালমা সুলতানার। তিনি পশুর রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরিসহ একটি ভেটেরিনারি হাসপাতালও গড়ে তুলেছেন, যেটা বেসরকারি পর্যায়ে বাংলাদেশে প্রথম। প্রান্তিক পর্যায়ের কৃষকদের পশুর চিকিৎসায় অগ্রণী ভূমিকা রাখার জন্য ২০২০ সালে নরম্যান ই বোরল্যাগ অ্যাওয়ার্ড এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের স্বীকৃতি পেয়েছেন তিনি।

এশিয়ান সায়েন্টিস্টের ওয়েবসাইটে বলা হয়, এবার ষষ্ঠবারের মতো এ তালিকা করা হয়েছে। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কোভিড–১৯–এর মতো এ বছরের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখা গবেষক ও উদ্ভাবকদের এবার বেছে নেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকেই ‘এশিয়ান সায়েন্টিস্ট’ ম্যাগাজিনটি এশিয়ার মেধাবীদের অর্জনের স্বীকৃতি দিতে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে।

এ তালিকায় কেবল মাত্র সেসব বিজ্ঞানী-গবেষকদের রাখা হয়, যারা সংশ্লিষ্ট বছরে কোনো জাতীয় বা আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন। একই সঙ্গে কার্যকরী কোনো আবিষ্কারেও তাদের ভূমিকা রয়েছে।

  •  
  •  
  •  
  •