সাগরতীরে বিতার্কিকদের মিলনমেলা
ফিরোজ কবির কিরণ:
বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়,শেখায় কিভাবে যুক্তির সাহায্যে পুরো সমাজকে বদলে দিতে হয়। আর এই সমাজকে বদলে দেবার জন্য বিতার্কিকদের নেতৃত্বের গুনাবলি অর্জন করা দরকার। তাইতো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ(এনডিএফ বিডি) সারা দেশের বিতার্কিক এবং বিতর্ক সংগঠকদের জন্য আয়োজন করে ২ দিন ব্যাপী এনডিএফবিডি লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০১৬। লিখেছেন ফিরোজ কবির কিরণ…
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের যাত্রা শুরু হয় ঢাকা থেকে। পুরো বাসের মধ্যে এক ঝাঁক বিতার্কিক, পুরো ব্যপারটা ভাবতেই আনন্দ লাগছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আমাদের গাড়ি এগিয়ে চলছিল। বাসের মধ্যে আলমগীর ভাই আর তামজিদ ভাই শুরু করলেন এক মজার ইভেন্ট এর, যার নাম ফানবক্স। নিয়মটা ছিল, যার ভাগ্যে যা উঠবে তাকে সেটাই করে দেখাতে হবে।মজার এই খেলার শেষে পথের ধারে এক রেষ্টুরেন্টে দেয়া হলো যাত্রাবিরতি। রাতের খাবার খাওয়ার পর সবার উদ্দেশ্যে লিডারশীপ ট্রেনিং এর নিয়মাবলি জানিয়ে দিলেন এনডিএফ বিডি এর সম্মানিত চেয়ারম্যান একেএম শোয়েব ভাই।
এরপর বাসে উঠে পড়লো সবাই।সকালবেলা সবার ঘুম ভাঙতে না ভাঙতেই চোখ মেলে দেখি,সামনে বঙ্গবন্ধু সাফারী পার্ক । সাফারী পার্ক এ বেড়ানো শেষে আবার রওয়ানা দিলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে।সকাল আটটার মধ্যে পৌছে গেলাম কক্সবাজারে। হোটেলে ব্যাগপত্র রেখেই এনডিএফ বিডির বিতার্কিকরা মিলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে দূষণমুক্ত এবং পরিস্কার রাখার আহবান জানিয়ে শুরু করি এক বর্নাঢ্য র্যালী। র্যালিটি শেষ হয় সমুদ্র সৈকতের লাবনী বিচ পয়েন্টে।এরপর সমুদ্রের লোনা জলে গা ভেজাতে ব্যস্ত হলো সবাই। হোটেলে ফিরে দুপুরের খাওয়া শেষ করেই রওয়ানা দেই পাহাড় আর সমুদ্রে ঘেরা হিমছড়িতে।
একদিকে সুউচ্চ পাহাড়ের চূড়া আর একদিকে সমুদ্রের নীল জলরাশি। কি অপরুপ! এই বিধাতার সৃষ্টি। রাতের অন্ধকার নামার আগেই আমরা ফিরে এলাম আবার হোটেলে। সারাদিনের ক্লান্তি আর পরিশ্রমের শেষে রাতে মুখে দুটো খাবার তুলতে না তুলতেই ডাক এলো যে, ছাদে যেতে হবে সবাইকে। কারণ কিছুক্ষণ পরে শুরু হবে গেম শো। আলমগির ভাই, তামজিদ ভাই, আর আকাশ ভাইয়ের পরিচালনায় শুরু হলো মজাদার গেম শো। গেম শোর পরে সবার উদ্দেশ্যে লিডারশীপ সম্পর্কে প্রশিক্ষন দেন একেএম শোয়েব ভাই।
পরের দিন কাঁকডাকা ভোরে ঘুম থেকে জেগে উঠেই বাসে করে সবাই রওয়ানা দিলাম প্রবালে ঘেরা ইনানী সমুদ্র সৈকতে। এরপর সকাল থেকে সারাটা দুপুর ইনানী সমুদ্র সৈকতে কাটিয়ে ফিরে এলাম হোটেলে।
বিকেল ৩ টার দিকে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)এর অকাল প্রয়াত বিতার্কিক ডাঃ শামারুখ মাহজাবিন এর স্মরণে আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপিং ।এরপর দল বেধে সমুদ্র সৈকতে বিতার্কিকরা চললাম সূর্যাস্ত দেখতে।লাল সূর্যটা দিকচক্রবালে হারিয়ে যাওয়ার সাথে সাথে কখন যে সন্ধ্যা নেমে এসে গেল তা টেরই পাইনি।কিভাবে যে এই দুইদিন এত দ্রুত এনডিএফ বিডি এর পুরো পরিবারের সঙ্গে কেটে গেল বুঝতেই পারিনি।
সবার শেষে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর সম্মানিত চেয়ারম্যান এ কে এম শোয়েব এনডিএফ বিডি লিডারশীপ ট্রেনিং ২০১৬ এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
যাইহোক এবার ফেরার পালা। যে যার ব্যাগ বস্তা নিয়ে বাস এ উঠে পড়লাম ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবার জন্য ।বাস যখন কক্সবাজার ছেড়ে আসছিল, তখন বারবার মনে পড়ছিল এই দুই দিনের মধুর কিছু স্মৃতি। যা আজীবন হৃদয়ের এক কোণে জমা হয়ে থাকবে।


