নিষ্প্রাণ প্রকৃতিতে কৃষ্ণচূড়ার পসরা
মো. আব্দুর রহমান:
আকাশে গনগনে সূর্য, কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস, ছায়াশূন্য পথে তৃষ্ণার্ত পথিক আর হঠাৎ করেই ঝড়ো হাওয়ার তোড়ে উন্মত্ত প্রকৃতি; এ যেন গ্রীষ্মের চিরচেনা রূপ। একটু খেয়াল করে দেখুন, রুদ্র গ্রীষ্ম কেবল আগুনই ঝরায় না, লাল রঙে কৃষ্ণচূড়ার পসরা সাজিয়ে মনও কাড়ে। কৃষ্ণচূড়া এ সময় নিষ্প্রাণ প্রকৃতির রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে নিজেকে মেলে ধরে আপন মহিমায়।
বাংলাপিডিয়া থেকে জানা যায়, কৃষ্ণচূড়া Caesalpinieae গোত্রের Delonix regia প্রজাতির আকর্ষণীয় ফুলবিশিষ্ট গাছের সাধারণ নাম। এ গাছ মধ্যম থেকে লম্বা গড়নের মাথা ছড়ানো। ফুল ফোটে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। কমলা অথবা লাল রঙের আকর্ষণীয় ফুলের ডালের আগাছা গুচ্ছবদ্ধ। আগস্ট ও অক্টোবরের মাঝামাঝি ফল হয়। শুঁটি ৩০-৬১ সেমি লম্বা হয়। চমৎকার পাতা ও সুন্দর ফুলের জন্য সারাদেশে জনপ্রিয়। বাগান ও রাস্তার পাশে ব্যাপকভাবে রোপন করা হয়।
কৃষ্ণচূড়া ফুল! নামটা মনে হলেই হৃদয়ের এক কোনা থেকে যেন গেয়ে ওঠে গান। ‘সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি, মরেছে মনের যত আশা’- এই গানে কৃষ্ণচূড়া গাছের সঙ্গে জড়িত অতীতের অনেক সুখময় স্মৃতি ফুটে উঠেছে। গাছে গাছে কৃষ্ণচূড়ায় সময়ের শিহরণ, গ্রীষ্মের খরতাপে রক্তিম জাগরণ। ‘কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে’ কবি কাজী নজরুল ইসলামের এই মনোমুগ্ধকর গান আমাদের স্মরণ করে দেয় কৃষ্ণচূড়ার তাৎপর্য। প্রকৃতি যখন প্রখর রৌদ্রে পুড়ছে কৃষ্ণচূড়া ফুল তখন জানান দেয় তার সৌন্দর্যের বার্তা। প্রখর রৌদ্রে যে পায় প্রাণ। প্রকৃতিতে নীল আকাশের ক্যানভাসে গাঢ় লাল রঙ জ্বলতে থাকে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটা কৃষ্ণচূড়া ।। ছবি রাফসান জানি নয়ন
গ্রীষ্মে ডালে ডালে চোখ-ধাঁধানো রঙের ঔজ্জ্বল্য ছড়ায় রক্তলাল কৃষ্ণচূড়া। দীর্ঘ, প্রসারিত গাছে ফুলের প্রাচুর্যে লাল হয়ে ওঠে আকাশ-বাতাস। এ যেন লাল রঙের এক মায়াবী ক্যানভাস, যে কারো চোখে এনে দেয় শিল্পের দ্যোতনা। শামসুর রাহমান লিখেছেন- আবার ফুটেছে দ্যাখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে/ কেমন নিবিড় হয়ে।
শেষ হয়ে আসছে পহেলা বৈশাখের আমেজ। বাঙালি সত্ত্বার সঙ্গে যার সম্পর্ক অবিচ্ছেদ্য। ‘পান্তা ভাত-ইলিশ, মাটির তৈজসপত্র, বাংলা বর্ণমালা, শাড়ি, কৃষকের হাসি’ এর সঙ্গে পহেলা বৈশাখ জড়িত। বৈশাখকে নতুন মাত্র দেয় কৃষ্ণচূড়ার লাল রঙ। বনে বনে কৃষ্ণচূড়ার লাল রঙ মনে জ্বালিয়ে দেয় বিদ্রোহের আগুন, বিপ্লবের আগুন। আর সেই বিপ্লবের আগুন জ্বালতে প্রকৃতিতে ফুলে ফুলে ভরে উঠেছে কৃষ্ণচূড়া ফুল।
রূপ-রঙ ও গন্ধের যূথবদ্ধতায় গ্রীষ্ম নিসর্গের এ আয়োজন নিঃসন্দেহে আমাদের জন্য ভালোবাসার এক অপার প্রাপ্তি। প্রকৃতির রুক্ষতা ও জীবনের যান্ত্রিকতা ভুলিয়ে যা আমাদের দেয় অপরিমেয় স্বস্তি, অনাবিল প্রশান্তি।

