এখনও ধরা পড়ছে প্রচুর রুপালি ইলিশ
বরগুনা প্রতিনিধি:
ইলিশ মৌসুমের শেষে সময়েও উপকূলীয় নদী ও সমুদ্রে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে।
দক্ষিণের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে ইলিশ ঘিরে কর্ম চাঞ্চল্য বেড়েছে। পাইকার, আড়ৎদার, জেলে ও শ্রমিকদের ভিড়ে মুখরিত দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রটি।
সমুদ্রে মাছ ধরার নিরাপদ পরিবেশ তৈরি হওয়া ও ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি জেলেরা।
বিএফডিসি কর্মকর্তা বলছেন, এতে বেড়েছে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণও।
মৎস্য বিভাগের তথ্যমতে, ইলিশের প্রজনন মৌসুমে প্রতিবছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এসময়ে সাগরের গভীরে থাকা মা-ইলিশ উপকূলের কাছাকাছি ও নদ-নদীতে এসে ডিম ছাড়ে। অতীতের বছরগুলোতে প্রশাসন ও মৎস্য বিভাগের চোখ ফাঁকি দিয়ে অসাধু জেলেরা ডিম ছাড়তে আসা মা-ইলিশ শিকার করতো। তবে গতবছর প্রশাসন এবং মৎস্য বিভাগের সঠিক তৎপরতার কারণে মা-ইলিশ শিকারে ব্যর্থ হয়েছে অসাধু জেলেরা। তাই বিগত বছরের তুলনায় এবছর সাগরে ইলিশ মাছের পরিমাণ বেশি।

