সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতা চায় পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করতে পারে এমন আশঙ্কায় বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। ৫৬ বছরের পুরনো এই চুক্তি ভারত একতরফা ভাবে বাতিল করলে তা যুদ্ধের শামিল হবে বলে ইতোমধ্যে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। এ বিষয়ে বিশ্বব্যাংকের মধ্যস্থতা চায় পাকিস্তান।
পাক অ্যাটর্নি জেনারেল আশতার আওসফ আলির নেতৃত্বে সে দেশের সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তির নবম পরিচ্ছেদ যাতে ভারত মেনে চলে সে বিষয়ে সালিশি করাতে পাকিস্তান আন্তর্জাতিক আদালতেরও দ্বারস্থ হয়েছে বলে জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ১৯ আগস্ট ঝিলম ও চেনাবে ভারতের পানিবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিবাদ নিয়ে বিশ্বব্যাংকের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। বিশ্বব্যাংকের কর্মকর্তাদের কাছে কোর্ট অব আর্বিট্রেশনের বিচারপতিদের নিয়োগ করার আবেদন জানিয়েছিল পাকিস্তান। ১৯৬০ সালের এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতাতেই স্বাক্ষরিত হয়।

