বিক্ষোভকারীদের বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় মেনে না নিয়ে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজার হাজার মার্কিনিরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে অব্যাহত এ বিক্ষোভের বিষয়ে অবশেষে মুখ খুললেন নব নির্বাচিত এ প্রেসিডেন্ট। এক টুইট বার্তায় সমালোচকদের তীব্র সমালোচনা করলেন তিনি। এটিকে পেশাদার বিক্ষোভকারীদের কাজ বলে অভিহিত করেছেন তিনি।
বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলছেন, নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয়জয়কার নাগরিক অধিকারের প্রতি এক বড় আঘাত।
তার বিরুদ্ধে মার্কিনিদের খেপিয়ে তোলার পেছনে গণমাধ্যমের হাত রয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প।
বৃহস্পতিবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘আমরা সফলভাবে একটি নির্বাচন সম্পন্ন করেছি। কিন্তু গণমাধ্যমের দ্বারা অনুপ্রাণিত পেশাদার বিক্ষোভকারীরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটি খুবই অন্যায্য।’
এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে দেশটির পূর্বাঞ্চলের বিক্ষোভকারীরা ওয়াশিংটন, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউইয়র্কে প্রতিবাদ জানিয়েছেন।
আর পশ্চিমাঞ্চলের প্রতিবাদকারীরা লস অ্যাঞ্জেলেস, স্যান ফ্র্যান্সিসকো, অকল্যান্ড, ক্যালিফোর্নিয়া মিলিত হচ্ছেন।
অন্যদিকে ডেনভারে হাজারো লোকের ট্রাম্পবিরোধী র্যালি ছিল নির্বাচন পরবর্তী সময়ে সবচেয়ে বড় কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেয়া বিক্ষোভকারীদের অনেকের হাতে ‘কোনো ঘৃণা নয়, কোনো ভয় নয়, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগতম’ এবং ‘ট্রাম্পের অপসারণ চাই’ লেখা ব্যানার-ফেস্টুন দেখা গেছে

