পরাজয়ের জন্য রাশিয়া ও এফবিআই প্রধানকে দায়ী করলেন হিলারি
আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচনে পরাজয়ের জন্য রাশিয়া ও এফবিআই প্রধানকে দায়ী করলেন ডোমেক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। দলের দাতাদের এক অনুষ্ঠানে হিলারি বলেন, পাঁচ বছর আগে রাশিয়ার সংসদ নির্বাচনকে কুরচুপিপূর্ণ বলায় তার উপর পুতিনের ব্যক্তিগত ক্ষোভ ছিল।
ইমেইল ফাঁস নিয়ে এবারই প্রথম কোনো মন্তব্য করলেন হিলারি।
নির্বচনের মাত্র এক সপ্তাহ আগে হিলারির ইমেইল পুনঃতদন্তের ঘোষণা দিয়েছিলেন এফবিআই প্রধান। জেমস কমির এ ঘোষণা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে তাকে পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছেন হিলারি।
অবশ্য, মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের যে অভিযোগ তুলেছে দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ, তাতে সমর্থন দিয়েছে এফবিআই। সিআইএ’র পরিচালক জন ব্রেনান তার কর্মীদের উদ্যেশে দেয়া এক বার্তায় বলেছেন, তিনি জেমস কমি ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপারের সঙ্গেও কথা বলেছেন। মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তারা সবাই একমত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, পুতিনের সরাসরি সংশ্লিষ্টতায় রাশিয়ার হ্যাকারা ডেমোক্রেটিক পার্টি ও হিলারির ঘনিষ্ট একজনের ইমেইল ফাঁস করে দিয়েছিলেন।
হিলারি বলেন, ‘এটা শুধু আমি বা আমার প্রচারণা শিবিরের বিরুদ্ধে আক্রমণ নয়। এটা আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণ।’ যদিও রাশিয়া বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।
শুক্রবার এ বছরে তার শেষ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সেপ্টেম্বরে এক সম্মেলনের ফাঁকে তিনি পুতিনকে ‘থামতে’ বলেছিলেন এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু এর প্রতিক্রিয়া কী হবে, সেটি বলেননি। নির্বাচনের আগে খুব গুরুত্বপূর্ণ সময়ে হিলারির এসব ইমেইল ফাঁস হয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল তাকে, যার প্রভাব পড়ে নির্বাচনেও।
উল্লেখ্য, গত ৮ নভেম্বরের নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রর্থী ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি

