নিউজিল্যান্ডে সমুদ্র তীরে মারা গেলো ৩০০ তিমি

আন্তর্জাতিক ডেস্ক:
নিউজিল্যান্ডের এক সমুদ্র তীরে ভেসে এসে ঠেকেছে অন্তত তিন শতাধিক মৃত তিমি। গত এক দশকে দেশটিতে এত বেশিসংখ্যক তিমি মৃত্যুর ঘটনা ঘটেনি। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির প্রাণী সংরক্ষণ বিভাগের (ডিওসি) কর্মকর্তারা সাউথ আইল্যান্ডের গোল্ডেন বে সৈকতের তীরে ৪১৬টি তিমি দেখতে পান। শুক্রবার ভোরে এদের ৭০ শতাংশই মারা যায়।

পরে ডিওসি কর্মীরা তিমিগুলো উদ্ধারে জরুরি অবস্থা জারি করেন এবং সবাইকে তাদের সহায়তার আহ্বান জানান। এ সময় এলাকাবাসীর সহায়তায় শতাধিক তিমিকে ডিওসি কর্মীরা তীর থেকে জীবিত উদ্ধার করে সমুদ্রে ভাসিয়ে দিতে সক্ষম হন।

তীরে আটকা পড়া জীবিত তিমিগুলোর দেহের আদ্রতা ঠিক রাখতে অনেকেই বাড়ি থেকে তোয়ালে এনে তা ভিজিয়ে শরীরে জড়িয়ে দেন। পরে জোয়ারের সময় বড় ঢেউ এলে তিমিগুলোকে ভাসিয়ে দেওয়া হয়।

তবে এক বেশিসংখ্যক তিমির হঠাৎ করে মারা যাওয়া ও তীরে ভেসে আসার কার্যকর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ডিওসি কর্মীরা।

তাকাকা এলাকায় ডিওসির টিম লিডার এন্ড্রিও লামাসন জানান, জীবনে কখনও তিনি এত তিমিকে তীরে ভেসে আসতে দেখেননি।

  •  
  •  
  •  
  •  

Tags: