আটলান্টিক মহাসাগরে অবস্থান করা দক্ষিণ কোরিয়ার কার্গো জাহাজ নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক:
আটলান্টিক মহাসাগরে অবস্থান করা দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজের খোঁজ পাওয়া যাচ্ছে না। ২ মার্চ রোববার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটির ২২ নাবিকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
জাহাজটি তীর থেকে ২,৫০০ কিলোমিটার দূরে থাকতে শেষ যোগাযোগ করে বলে জানা গেছে প্রতিবেদনে।
স্টেলার ডেইজি নামের খনিজ আকরিক বহনকারী ওই জাহাজটি দক্ষিণ কোরিয়ার বুসান-ভিত্তিক পোলারিস শিপিং কোম্পানির। ব্রাজিল থেকে লোহার আকরিক নিয়ে চীনের পথে রওয়ানা হয়েছিল। শুক্রবার জাহাজটির এক নাবিকের কাছ থেকে আসা সর্বশেষ বার্তায় বলা হয়েছিল, বাম পাশ ফুটো হয়ে জাহাজটি দ্রুত পানিতে তলিয়ে যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, শনিবার জীবন রক্ষাকারী একটি রাবারের ডিঙি থেকে ওই জাহাজের দুই ফিলিপিনো নাবিককে উদ্ধার করা হয়, কিন্তু জাহাজটির অন্যান্য লাইফবোট ও রাবারের ডিঙিগুলো খালি ছিল।
নিখোঁজ নাবিকদের মধ্যে ১৪ জন ফিলিপিনো এবং আট জন দক্ষিণ কোরীয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
সূত্র: আলজাজিরা

