তিস্তা নিয়ে আবার মমতা অনড় থাকার বার্তা ‘আগে রাজ্য বাঁচুক’
আন্তর্জাতিক ডেস্ক :
তিস্তা নিয়ে আবারও নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি বলেন, ‘আগে রাজ্য বাঁচুক। তারপর বাংলাদেশকে জল দেওয়ার বিষয়ে ভাবনা।’
কোচবিহারে প্রশাসনিক সভা করতে এসে সোমবার নতুন করে তিস্তা বিষয়ে তার অবস্থানের কথা ফের জানিয়ে দিলেন মমতা । জানিয়েছে ভারতের অনলাইন নিউজ পোর্টাল আনন্দএবিপি।
কোচবিহারের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সভায় তিনি বলেন, ‘বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি। কিন্তু তিস্তায় তো জলই নেই। উত্তরবঙ্গেই চাষের কাজ হয়না। আমরাই তো জল পাই না, কী করে দেব?’
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালেও তিস্তা নিয়ে প্রায় একই কথা জানান মমতা। বরং তিস্তার বদলে তোর্সা-সহ উত্তরবঙ্গের ছোট ছোট নদী থেকে পানি দেওয়ার প্রস্তাব দেন । তিনি যে নিজের সেই অবস্থানেই অনড়, তা কোচবিহারে ফের বুঝিয়ে দিলেন মমতা।

