জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাসী হামলা; ভারতীয় সেনাসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে সন্ত্রাসী হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় দুই হামলাকারী নিহত হয়েছেন।
স্থানীয় সময় ২৭ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জম্মু-কাশ্মীর সীমান্তের কুপওয়ারা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, কুপওয়ারা এলাকাস্থ ভারতীয় সেনা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং দুই সেনা সদস্য প্রাণ হারান। ধারণা করা হচ্ছে হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালায়। তবে এ হামলার পরও প্রায় ৪ ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটেছে।
এদিকে এ হামলার পর ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় অভিযান শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
গত বছর দেশটির উরি নামক স্থানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ১৯জন সেনা নিহত হয়েছিলেন।

