ধর্মঘটে ব্রিটিশ এয়ারওয়েজের ক্রুরা
আন্তর্জাতিক ডেস্ক :
বেতন-ভাতা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ১৬ দিনের ধর্মঘট শুরু করেছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা। শনিবার থেকে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন।
২০১০ সালে ‘মিক্সড ফ্লিট’ নামে ক্রুদের একটি নতুন ক্যাটাগরি চালু করে ব্রিটিশ এয়ারওয়েজ। এই ‘মিক্সড ফ্লিট’র ক্রুরা গড়ে বার্ষিক ১৬ হাজার পাউন্ড বেতন পান। গত বছর থেকে ক্রু সদস্যরা কম বেতনের বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ব্রিটেনের সবচেয়ে বড় শ্রমিক সংস্থা ‘ইউনাইট দ্যা ইউনিয়ন’ কেবিন ক্রুদের এ বেতনকে ‘দরিদ্র বেতন’ বলে উল্লেখ করেছে।
এর আগে ব্রিটিশ এয়ারওয়েজের ক্রু’রা চলতি বছর ২৬ দিন ধর্মঘট পালন করেছেন। এ সম্পর্কে ইউনাইট বলছে, ধর্মঘট করার কারণে মিক্সড ফ্লিটের ১ হাজার ৪০০ ক্রু’র বোনাস ও ভ্রমণে ছাড়ের সুবিধা বাতিল করা হয়েছে। ব্রিটিশ এয়ারওয়েজ নতুন করে ধর্মঘটে যোগ দেয়ার বিষয়ে কেবিন ক্রুদের আগেই হুঁশিয়ার করে দিয়েছে। তারপরও এই ধর্মঘট ব্রিটিশ এয়ারওয়েজের জন্য নতুন করে ইমেজ সংকট তৈরি করবে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ এয়ারওয়েজ কাতারের কাছ থেকে ৯টি বিমান ভাড়া নিয়েছে। এর আগে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও সবুজ সংকেত দেওয়া হয়।
শুক্রবার যোগাযোগমন্ত্রী ক্রিস গ্রেলিং বলেছেন, বেসামরিক বিমান কর্তৃপক্ষের সুপারিশক্রমে ব্রিটিশ এয়ারওয়েজ কাতারের কাছ থেকে ৯টি এ৩২০ ও ৩২১ বিমান ও ক্রু লিজ নিতে পারবে।

