সৌদি সীমান্তে মারা যাচ্ছে শত শত উট

আন্তর্জাতিক ডেস্ক:
কাতারের উপর অবরোধ আরোপের ফলাফল সরাসরি পড়েছে প্রাণিদের ওপর। এই অবরোধের কারণে কাতারের মালিকদের বিতাড়ন করায় এখন সৌদি আরবের মরুভূমিতে মারা পড়ছে শত শত উট। মালিকহীন অবস্থায় খাবার আর পানির সংকটে মৃত্যুর প্রহর গুনছে কয়েক হাজার ভেড়া ও উট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরব ও কাতারের মধ্যে কূটনীতিক টানাপোড়েনের আগে সীমান্ত এলাকায় মুক্তভাবে পানি ও খাবার গ্রহণ করত উটগুলো। তবে এখন সৌদি সীমান্তে এসব মালিকহীন প্রাণিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সৌদি প্রশাসন। ফলে মরুভূমিতে মারা পড়ছে মরুভুমির জাহাজখ্যাত উট।

বৃটেনের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিনিধি জানিয়েছেন, দুই দেশের সীমান্ত এলাকায় অনেক উটকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি।

তিনি জানিয়েছেন, অবরোধ শুরুর পর খুব অল্প সময়ের নোটিশে সৌদি আরব ছাড়তে হয় দেশটিতে থাকা কাতারের পশু মালিকদের। ফলে বিপুল সংখ্যক উট আর ভেড়া নিয়ে দেশে ফেরার সুযোগ পাননি তারা। এমনকি নিরাপদ আশ্রয়েও তাদের রাখার সুযোগ মেলেনি।

ইন্ডিপেন্ডেন্টের ওই প্রতিনিধি জানিয়েছেন, প্রতিদিন মাত্র কয়েকশ’ উটকে সীমান্ত পার হতে দেওয়া হতো। আর বেশিরভাগ উটকেই এমন একটি জায়গায় জড়ো করা হয়েছিল যেখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির উপরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে এই অবরোধের ফলে ১২ হাজার থেকে ২৫ হাজার প্রাণির উপর প্রভাব পড়েছে। অনেক প্রাণি হারিয়ে গেছে। খাবার ও পানির অভাবে কয়েকশ’ মারা গেছে।

প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে একমাত্র স্থল সীমান্ত রয়েছে কাতারের। প্রায় ৪ হাজার ৪০০ কিলোমিটার সীমান্ত এলাকায় উট ও ভেড়াকে ঘাস খাওয়ানোর জন্য প্রতিবেশী দেশটির ভূখণ্ডও ব্যবহার করতেন কাতারের কৃষকরা।

কিন্তু সন্ত্রাসবাদের সমর্থন দেয়ার কথিত অভিযোগ এনে গত ৫ জুন কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি জোট। বন্ধ করে দেয়া হয় সীমান্ত। এর প্রভাব পড়ে উট ও ভেড়ার মতো নিরীহ প্রাণীর উপরও।

সূত্র: www.independent.co.uk

  •  
  •  
  •  
  •  

Tags: