আরো একটি খেতাব হারালেন অং সান সু চি
আন্তর্জাতিক ডেস্ক:
আরো একটি খেতাব হারালেন শান্তিতে নোবেল বিজয়ী মিয়মানমারে নেত্রী অং সান সু চি। এবার ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে ভোট দিয়ে সু চির নাম অপসারণ করলেন আয়ারল্যান্ডের ডাবলিন শহরের কাউন্সিলররা।
সু চিকে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দেন।
রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চির বিরুদ্ধে। সাম্প্রতিক সহিংসতা এড়াতে ছয় লাখেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
মিয়ানমারে গত আগস্টে সহিংসতা ছড়িয়ে পড়ার পর এক মাসে অন্তত ছয় হাজার সাতশ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরস (এমএসএফ) ইন্টারন্যাশনাল।
আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চিকে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।
এর আগে নভেম্বরে সু চির ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়। সূত্র বিবিসি।

