আত্মঘাতী হামলায় কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে ১৫৮ জন।

শনিবার সকালের এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তালেবান মুখপাত্র যাবিউল্লাহ মোজাহিদ। খবর সিএনএন। এর আগে এ হামলায় ৬৩ নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।

সিএনএন জানায়, তল্লাশি চৌকি পার হওয়ার সময় পুলিশ অ্যাম্বুলেন্সে থাকা হামলাকারীকে শনাক্ত করতে পারে। কিন্তু তাকে সময়মত থামাতে পারেনি। হামলাকারী পুরাতন স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভবন, হাসপাতাল এবং কিছু কূটনৈতিক ভবনের কাছাকাছি এলাকায় পৌঁছে অ্যাম্বুলেন্সে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। হামলায় আহত এবং নিহতরা ছিল সাধারণ পথচারী। হামলার পর কাবুলের বিভিন্ন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়।

বিস্ফোরণের কাছাকাছি এলাকায় সুইডিশ ও ডাচ দূতাবাস, ইউরোপিয়ান ইউনিয়ন মিশন ও একটি ইন্ডিয়ান কনসুলার অফিস ছিল। তবে তাদের কোনো কর্মী এ ঘটনায় হতাহত হয়নি।

  •  
  •  
  •  
  •