রাশিয়ার অস্ত্র কেনায় তুরস্ককে যুদ্ধবিমান দেয়া স্থগিত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা এবং এই সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করা হবে বলে সোমবার জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ন্যাটোর সদস্য তুরস্ক রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনার বিষয়ে জোর দেয়ায় যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় বলে জানায় বার্তা সংস্থা এএফপি।

মাসের পর মাস ধরে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে তুরস্কের সিদ্ধান্ত মার্কিন যুদ্ধবিমান প্রকল্পের চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিত্যাগ না করা পর্যন্ত তাদের এফ-৩৫ সক্ষমতা অর্জনের কার্যক্রম স্থগিত থাকবে, বলেন পেন্টাগন কর্মকর্তা চার্লস ই সামারস।

‘তুরস্ক এস-৪০০ সংগ্রহ করলে তাদের এফ-৩৫ প্রোগ্রামে অংশগ্রহণ হুমকির মুখে পড়বে,’ বিবৃতিতে বলেন তিনি।

মার্কিন কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, তুরস্ক দুই দেশের সঙ্গেই থাকায় রাশিয়া এফ-৩৫ সম্পর্কে তথ্য সংগ্রহ করে পশ্চিমা বিমানগুলোর বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্রকে আরও নির্ভুল করে তুলতে পারে।

পেন্টাগন জানায়, এফ-৩৫ যুদ্ধবিমানের যেসব যন্ত্রাংশ তুরস্কে তৈরি করা হচ্ছিল, সেগুলো এখন অন্য কোনও জায়গা থেকে জোগাড়ের চেষ্টা করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •