জিকা ভাইরাসে আক্রান্ত হবে ৪০ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক:
এক বছরের মধ্যে উত্তর এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতে জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে ত্রিশ থেকে চল্লিশ লাখ মানুষ। এমন সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার কোনো চিকিৎসাও নেই আর এর কোনো প্রতিষেধকও নেই। ফলে বিশ্বজুড়ে এক আতঙ্কের নামে পরিণত হয়েছে জিকা ভাইরাস। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোমবার জেনেভায় জরুরি বৈঠক ডেকেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান।

গবেষকেরা জানিয়েছেন, এই রোগের প্রতিষেধক তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিতে দশ বছরেরও বেশি সময় লাগতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে এ বছরের শেষ নাগাদ তারা মানুষের ওপর পরীক্ষা চালানোর জন্য একটি প্রতিষেধক প্রস্তুত করতে পারবে।

চ্যান জানিয়েছেন, যেভাবে জিকা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরো বলেন, এ রোগে আক্রান্ত হলে কি করতে হবে এবং এ রোগের সংক্রমণ যেসব জায়গায় হবে সেসব জায়গায় জরুরি ভিত্তিতে সহায়তা পাঠানোর সুপারিশ করা হবে সোমবারের বৈঠকে।

উত্তর ও দক্ষিণ আমেরিকার ২৪টিরও বেশি দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে এই রোগ। অপরদিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, আগস্টে ব্রাজিলে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসের খেলোয়াড় ও কর্মকর্তাদের জিকা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সব রকম চেষ্টাই করবে সংস্থাটি। চিকিৎসকেরা জানিয়েছেন, মশা-বাহিত জিকা ভাইরাসে গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে শিশুরা ছোট মাথা নিয়ে জন্মাবে যা স্বাভাবিকের চেয়ে অনেক ছোট হবে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এই রোগের কোনো উপসর্গ আগে থেকে বোঝা যায় না।

  •  
  •  
  •  
  •  

Tags: