স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্কবিরোধী বিক্ষোভে
নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চিকিৎসকরা বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে চলেছেন। সেই সঙ্গে সামাজিক দূরত্বও মেনে চলতে বলা হচ্ছে। অথচ সেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিরুদ্ধেই আন্দোলন করছে স্পেনের বাসিন্দারা।
স্পেনের রাজধানী মাদ্রিদে মাস্কবিরোধী বিক্ষোভে জড়ো হয়েছে হাজারো মানুষ। মাস্ক ব্যবহার না করতে এবং অন্যান্য কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা।
মাদ্রিদ সিটি সেন্টারের ‘প্লাজা কোলনে’ লোকজন বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়েছে। তাদের যুক্তি, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা এবং অন্যান্য কঠোর বিধিনিষেধের মাধ্যমে নাগরিক অধিকার হরণ করছে সরকার।
সম্প্রতি স্প্যানিশ সরকার দেশ জুড়ে নতুন কিছু বিধিনিষেধ আরোপের পাশাপাশি জনসম্মুখে ধূমপানও নিষিদ্ধ করেছে। করোনা ভাইরাসে ইউরোপের দেশ স্পেনে ২৮ হাজার ৬০০ মানুষের প্রাণহানি ঘটার পর সরকার এ সব কড়াকড়ি আরোপ করে।—বিবিসি

