এআইআইবি আরো ১০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশকে

নিউজ ডেস্কঃ

করোনার কারণে বাংলাদেশের দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষকে সহায়তার জন্য এর আগে ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছিল এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। নভেল করোনাভাইরাসের ক্ষতি মোকাবেলায় বাংলাদেশকে আরো ১০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি। গতকাল এআইআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্তকরণ, চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে মহামারী মোকাবেলার প্রস্তুতিতে এ ঋণের অর্থ ব্যয় করা হবে।

এআইআইবির সহায়তায় গ্রহণ করা কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট ইন বাংলাদেশের মাধ্যমে ঋণের এ অর্থ ব্যয় করা হবে।

বিজ্ঞপ্তিতে এআইআইবির ভাইস প্রেসিডেন্ট (বিনিয়োগ কার্যক্রম) ডিজে পেন্ডিয়ান বলেন, এ প্রকল্পের আওতায় এআইআইবি বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো, পদ্ধতি ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমিয়ে জনগণের ভোগান্তি এবং প্রাণহানির ঝুঁকি কমাতে সহায়তা করবে।

আরো বলা হয়, বাংলাদেশে করোনা পরীক্ষা, ট্রেসিং ও চিকিৎসাসেবা তথা করোনা মোকাবেলায় দেশটির সক্ষমতা বাড়াতে এ ঋণ দেয়া হচ্ছে। দেশে চলমান এ মহামারী মোকাবেলায় সরকারি-বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে এআইআইবি ঘোষিত ১৩ বিলিয়ন ডলার তহবিলের অংশ হিসেবেই ওই ঋণ দেয়া হচ্ছে।

উল্লেখ্য, এআইআইবির কার্যক্রম শুরু হয় ২০১৬ সালের জানুয়ারিতে।

  •  
  •  
  •  
  •  

Tags: