পরিকল্পনা গোছাতে শুরু করেছেন জো বাইডেন

নিউজ ডেস্কঃ

নির্বাচন ঘিরে বিভক্ত যুক্তরাষ্ট্রকে মহামারীসহ যেসব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেসব মোকাবেলার জন্য পরিকল্পনা গোছাতে শুরু করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও তার উপদেষ্টারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেনের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ইলেকটরের সমর্থন নিশ্চিত হওয়ার পরদিন থেকেই তারা কাজে নেমে পড়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প হলেন গত ২৮ বছরের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে ব্যর্থ হলেন।

তবে তিনি এখনও পরাজয় স্বীকার করতে রাজি নন, বরং নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের শীর্ষ রিপাবলিকারাও এখনও বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেননি। ফলে ২০ জানুয়ারি ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার পর বাইডেনকে রাজনৈতিক মেরুকরণে বিভক্ত এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তবে এরমধ্যেও ট্রাম্পের দলের কিছু সদস্য এবং দ্বিদলীয় কিছু গ্রুপ ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রেসিডেন্টকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার নিজ রাজ্য ডেলাওয়ার থেকে দেওয়া ভাষণে বাইডেন ঐক্যের ও সমঝোতার বার্তা দিয়েছেন; বলেছেন, এখন জাতির ‘ক্ষত সারিয়ে তোলার সময়’।

রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বাইডেনের সহ-প্রচার ব্যবস্থাপক কেইট বেডিংফিল্ড বলেছেন, “কাজ এখনই শুরু হচ্ছে।”

  •  
  •  
  •  
  •  

Tags: