হৃদরোগে আক্রান্ত সৌরভ গাঙ্গুলী
নিউজ ডেস্কঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
জানা গেছে, শনিবার (০২ জানুয়ারি) সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়। মাথা ঘুরে পড়ে যান তিনি। ঠিক কোন কারণে আচমকা এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
হাসপাতাল সূত্রের খবর দিয়ে কলকাতার গণমাধ্যম জানিয়েছে, এমার্জেন্সি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ওয়ার্ডে স্থানান্তরিত করা হচ্ছে। তবে আগে কোনওদিন এমন ঘটনা ঘটেছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।
হঠাৎ করে ব্ল্যাক-আউট হয়ে যাওয়াতে প্রাথমিকভাবে ডাক্তাররাও বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। একাধিক পরীক্ষার কথা বলা হয়েছে।
সৌরভের স্বজনরা বলছেন, শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।

