ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণের কারণে প্রতিদিন নতুন নতুন রেকর্ডের সাক্ষী হচ্ছে ভারত। প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটলো দেশটিতে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৪১ জন। যা দেশটিতে একদিনে আক্রান্ত সংখ্যায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড। শুধু তাই নয়, করোনা শুরুর পর এই পর্যন্ত একদিনে এত সংখ্যক মানুষ এককভাবে কোনো দেশেই আর আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। ফলে এটি বিশ্ব রেকর্ডও বটে বলে জানা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড আক্রান্তদের মধ্যে আরও ২ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর হিসাবে এটি দেশটিতে সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৭শ’র কিছু বেশি।
ভারতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৮২ হাজার ৫৫৩ জনের।
সংক্রমণের মতোই মৃত্যুর তালিকাতেও শীর্ষে ভারতের মহারাষ্ট্র রাজ্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বুধবার (২১ এপ্রিল) সিদ্ধান্ত নেবেন, রাজ্যে লকডাউন কার্যকর করা হবে কি-না। কেরালায় গতকাল থেকেই দুই সপ্তাহব্যাপী নৈশ কার্ফু বলবৎ রয়েছে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৯০৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

