তুরস্ক চুপ থাকবে না, ইসরায়েলকে হুমকি এরদোয়ানের

edogan

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ‘ক্ষুব্ধ’ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের আচরণে আমরা শোকাহত এবং ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়ানো বিশ্ব মানবতার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘যারা ইসরায়েলের রক্তপাতের পরও নীরব থাকছে বা প্রকাশ্য সমর্থন দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে, একদিন তাদেরও পালা আসবে। নিরাপত্তা পরিষদের অবশ্যই জেরুজালেমে শান্তি বজায় রাখার জন্য পদক্ষেপ নেয়া উচিত।’

এরদোয়ান বলেন, ‘যদি গোটা পৃথিবীও ফিলিস্তিনে ইসরায়েলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবুও তুরস্ক চুপ করে থাকবে না।’

উল্লেখ্য ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর দমনপীড়ন বেড়েই চলেছে। আল আকসায় দফায় দফায় হামলার পর এবার গাজা উপত্যকায় বিমান হামলা জোরদার করেছে তেলআবিব।

ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা থেকে সংঘাতের শুরু। সেই সংঘাত এখনও অব্যাহত আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত চার দিনে ইসরায়েলের হামলায় ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৭ জন শিশু ও ১১ জন নারী। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,