ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়েছে ২৫ টি দেশ!
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের কারণে শেখ জারাহ, গাজা এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি আরব রাষ্ট্র ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ।
তবে ইসরায়েলের পক্ষও নিয়েছে অনেক রাষ্ট্র। রোববার (১৬ মে) এক টুইট বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে। তাতে দেখা গেছে ওই সব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র যেমন রয়েছে তেমনই রয়েছে ব্রাজিল।
২৫টি দেশের পতাকা প্রকাশ করে নেতানিয়াহু লেখেন ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ। নেতানিয়াহুর প্রকাশ করা বিভিন্ন দেশের পতাকাগুলো মধ্যে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ৬ নম্বরে রয়েছে ব্রাজিল।

ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক অবশ্য পুরনো নয়। বিভিন্ন ইস্যুতে ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ব্রাজিল ইসরাইলকে সমর্থন করে। এর আগে ২০১৮ সালে ব্রাজিলের ডানপন্থি প্রেসিডেন্ট বলসোনারো জানিয়েছিলেন ব্রাজিল তাদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবারের এ ফোনালাপে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর তাণ্ডবকে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একইসঙ্গে ইসরায়েলে রকেট হামলা থামাতে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

