‘ইসরায়েলি বাহিনীর দম্ভ গুঁড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা’
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে অনুমতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
এ বিষয়ে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে।
হামাসের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার কারণে আল-কুদস এর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এবং যখন আল-কুদসের জন্য জেগে উঠেছে তখন গাজা উপত্যকা অসম্ভবকে সম্ভব করেছে।
তিনি আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আল-কুদস শহরের জনগণকে ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে।
উল্লেখ্য গত ১০ মে থেকে ২০ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরায়েল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

