মেয়াদ শেষ হতে যাওয়া টিকা দিতে চায় ইসরায়েল, চুক্তি বাতিল করলো ফিলিস্তিন
আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার ভ্যাকসিন বিনিময়ের বিষয়ে ইসরায়েলের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা বাতিল করেছে ফিলিস্তিন। কারণ হিসেবে বলা হয়েছে, ইসরায়েল যে ভ্যাকসিন দেবে সেগুলোর মেয়াদ শিগগিরই শেষ হয়ে যাবে। এতো দ্রুত ভ্যাকসিন কার্যক্রম পরিচালনার সক্ষমতা ফিলিস্তিনের নেই।
এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ইসরাইল জানিয়েছিল এই ভ্যাকসিনের মেয়াদ আছে অন্তত জুলাই মাস পর্যন্ত। তবে যখন ভ্যাকসিন পৌঁছাল তখন দেখা গেলো জুন মাসেই এর মেয়াদ শেষ হতে চলেছে। কিন্তু এতো কম সময়ে এতো ভ্যাকসিন প্রদানের সক্ষমতা আমাদের নেই। তাই আমরা এই চুক্তি প্রত্যাখ্যান করেছি।
এদিকে ফাইজার ও বায়োএনটেকের টিকা সংরক্ষণ করে টিকাদান কর্মসূচি চালিয়েছে ইসরায়েল। দেশটির মোট জনসংখ্যার ৫৫ শতাংশই দুই ডোজ টিকা পেয়ে গেছে।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলার মধ্যেই টিকার বিষয়টি সামনে এসেছে।

