মাত্র ৪ মিনিটে নাটকীয়ভাবে শেষ ভারতের বিধানসভার অধিবেশন
আন্তর্জাতিক ডেস্কঃ এমন নজিরবিহীন ঘটনা আগে কখনো ঘটেনি বিধানসভায়। বিধানসভা নির্বাচনের পর বিজেপির ৪১ নেতাকর্মীকে হত্যার দাবি তুলে তুমুল হট্টগোল করে দলটি। এতেই মাত্র ৪ মিনিটে পন্ড হয়ে যায় বিধানসভার অধিবেশন। ভোটের পর শপথ অনুষ্ঠানের পর শুক্রবারই ছিল বিধায়ক কিংবা সরকারের জন্য প্রথম অধিবেশন। এই বাজেট অধিবেশনের রীতি অনুযায়ী রাজ্যপাল লিখিত ভাষণ পাঠ করবেন। প্রথম দিনের এই ভাষণের পর আলোচনায় অংশ নেবেন সরকারদলীয় নেতা এবং বিরোধী নেতারা।
শুক্রবার দুপুরে অধিবেশন শুরুর আগে ভারতের সংবিধানের স্রষ্টা ড. ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে মালা দেওয়া হয়। রাজ্যপাল, স্পিকার এবং মুখ্যমন্ত্রীর মালা দেওয়ার পরই অধিবেশন শুরু হলে লিখিত বক্তব্য পাঠ শুরু করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু তখনই বিধানসভায় ভেতরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তুমুল হট্টগোলে রাজ্যপাল কয়েক মিনিটের মধ্যে ভাষণ দিতে না পরে বিধানসভা থেকে বের হয়ে যান।
যদিও এই বিক্ষোভ নিয়ে বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যজুড়ে ভোটের পর সন্ত্রাস শুরু হয়েছে। বিজেপি নেতাকর্মীদের খুন করা হচ্ছে। তৃণমূল সরকারের লিখে দেওয়া রাজ্যপালের ভাষণের কোথাও সেটা উল্লেখ নেই। তাই প্রতিবাদ জানানো হয়েছে।
আগামী ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত তিন দিন চলবে চলমান বাজেট অধিবেশন।

