যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্কঃ আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শনিবার (৩ জুলাই) বিমান হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠে অবরুদ্ধ গাজা উপত্যকা। হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া হয় একের পর এক রকেট শেল। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।
পরে ইসরায়েল ডিফেন্স ফোর্স-আইডিএফ জানায়, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত বলেও দাবি করা হয়। যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস।
এর আগে ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত হন ২৮৯ ফিলিস্তিনি। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ১৩ ইসরায়েলি। পরে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্মত হয় উভয়পক্ষ। কিন্তু এ যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েল।

