রোহিঙ্গাদের উগ্রবাদে জড়ানোর আশঙ্কা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হচ্ছে বলে তাদের মধ্যে হতাশা বাড়ছে৷ অনেকের মধ্যে উগ্রবাদে জড়ানোর ঝুঁকি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি৷

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘ফোরসিবলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস (রোহিঙ্গা) ক্রাইসিস: ইম্পেরাটিভস ফর এ সাস্টেইনেবল সলিউশন’ শীর্ষক ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, তুরস্ক ও সৌদি আরব এই আয়োজনে সহযোগিতা করেছে৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি বার বার বলে আসছি, তারা (রোহিঙ্গারা) মিয়ানমারের নাগরিক, সুতরাং নিরাপদে এবং আত্মমর্যাদার সঙ্গে নিজের দেশ মিয়ানমারেই তাদের ফিরে যেতে হবে৷ আমাদের সবাইকে, বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সেজন্য সম্ভব সব কিছু করতে হবে৷’’

তিনি বলেন, রোহিঙ্গা সংকট একটি আন্তঃসীমান্ত এবং আঞ্চলিক সমস্যা, সুতরাং এ মানবিক সংকটের সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়েরই দায়িত্ব৷ ‘‘গুরুতর এ সংকট বিলম্বিত হলে আমাদের সবার নিরাপত্তাই হুমকির মুখে পড়বে৷ প্রত্যাবাসনের উদ্যোগে কোনো উন্নতি না হওয়ায় রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে৷ তাদের অনেকে নানা অপরাধমূলক কাজে জড়াচ্ছে৷ তাদের অনেকের উগ্রবাদে জড়ানোর ঝুঁকিও তৈরি হচ্ছে৷ আমাদের পুরো অঞ্চলের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াতে পারে৷’’

  •  
  •  
  •  
  •  

Tags: