র্যাবের ওপর ইইউকে পার্লামেন্ট সদস্যের নিষেধাজ্ঞা চিঠি
নিউজ ডেস্ক:
মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দিয়েছেন এক ইইউ পার্লামেন্ট সদস্য (এমইপি)। তাঁর নাম ইভান স্টেফানেচ।
গত ২০ জানুয়ারি এমইপি ইভান স্টেফানেচ বাংলাদেশ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিমালা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেলের বরাবর প্রায় তিন পৃষ্ঠার একটি চিঠি লেখেন।
এতে বলা হয়, বিরোধী রাজনৈতিক মত দমন এবং নির্বাচনের ফলাফল হেরফের করতে বাংলাদেশের ক্ষমতাসীন দল অমানবিক আচরণ করেছে। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশের পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়। নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিয়ে স্টেফানেচ ২০১৮ সালের মে মাসে টেকনাফের কাউন্সিলর একরামুল হকসহ কয়েক বছর ধরে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন।
ইইউ পার্লামেন্ট সদস্য লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে গুম হওয়া মানুষের সংখ্যাও উদ্বেগজনক, যা পাঁচ শতাধিক। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা ও অনলাইনে ভিন্নমত প্রকাশ দমন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটছে।
স্টেফানেচ আরো লিখেছেন, ‘দি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের হিসাব অনুযায়ী, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাবের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।’
অভিযোগের বিশদ বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ওপরে উল্লিখিত বিষয়ের ভিত্তিতে আমি আপনাকে র্যাবের বিরুদ্ধে আপনার ক্ষমতা প্রয়োগের অনুরোধ করছি।’

