পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা পুতিনের

নিউজ ডেস্ক:

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য এমন ঘোষণা দিয়েছেন বলে দাবি করছেন তিনি। এপি নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

এপি নিউজের এক প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার ইউক্রেন দখল করার কোনো লক্ষ্য নেই বলেও দাবি করছেন তিনি। পুতিন পূর্ব ইউক্রেনে থাকা ইউক্রেনীয় সেনাদের অস্ত্র রেখে ‘বাড়িতে ফিরে যাওয়ার’ আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন, বিশ্ব রাশিয়াকে এ জন্য দায়বদ্ধ করবে।

ইউক্রেন বুধবারই ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার গভীর রাতে বলেছিলেন, ‘রাশিয়ার কোনো হামলা ‘ইউরোপীয় মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।’ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি প্রতিশ্রুতি দেন, রাশিয়া হামলা চালালে ‘আমরা আত্মরক্ষা করব।’

এর আগে গত সোমবার পূর্ব ইউক্রেনের দোনেত্স্ক ও লুহানস্ক অঞ্চলের যেসব অংশ রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, সেই সব অংশে বিদ্রোহীদের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেন পুতিন। এদিন এক দীর্ঘ ভাষণে তিনি ইউক্রেনের অস্তিত্বের বৈধতাকে অস্বীকার করেন। বলেন, ঐতিহাসিক ভুল আর ঐতিহাসিক দুর্ঘটনার জেরে ইউক্রেন নামের রাষ্ট্র অস্তিত্ব পেয়েছে।

গত বুধবার পুতিন দনবাস হিসেবে পরিচিত গোটা দোনেত্স্ক ও লুহানস্কের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি প্রদানের ঘোষণা দেন। অথচ দোনেত্স্ক ও লুহানস্কের সামান্য অংশ রুশপন্থী বিদ্রোহীদের দখলে।

  •  
  •  
  •  
  •