মানবসম্পদ বিভাগে প্রবাসীদের নিষিদ্ধ করছে সৌদি আরব
নিউজ ডেস্ক: প্রবাসীদের বেসরকারি খাতের মানবসম্পদ বিভাগে চাকরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে সৌদি আরব। দেশটির শ্রম মন্ত্রণালয় মনে করছে, এ পদক্ষেপ তাদের দেশে অবৈধ বিদেশিদের হঠাতে কার্যকরী হবে। একইসঙ্গে প্রত্যেক সৌদির জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে। আরব নিউজ এক খবরে জানিয়েছে, এ নিয়ে একটি খসড়া আইন প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ আইন পাশ হলে বেসরকারি খাতের মানবসম্পদ বিভাগে নতুন করে কোনো প্রবাসী কাজ করতে পারবে না। খসড়া আইনে অবৈধ শ্রমিক প্রতি ২০ হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা আরোপ করার কথা বলা হয়েছে। খসড়া আইনটি শ্রম মন্ত্রণালয়ের পোর্টালে প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এ সিদ্ধান্তের ব্যাপারে ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সৌদিদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা ও বিদেশিদের জন্য মানবসম্পদ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট কাজ নিষিদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানা গেছে।

