মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ভেঙে নিহত ১৭

নিউজ ডেস্ক:

ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে  আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (২৩ আগস্ট) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে এ ঘটনা ঘটে।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সেতুটি যখন ভেঙে পড়ে তখন সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিলেন। মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত সাইরাং এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রতিজনের জন্য তিনি দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন। আহতদের প্রতিজনের জন্য ৫০ হাজার রুপি ঘোষণা করেছেন।

মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এই ট্রাজেডিতে তিনিও গভীর শোক প্রকাশ করেছেন। সহমর্মিতা প্রকাশ করেছেন নিহতদের পরিবারের প্রতি।

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেছেন, রেলওয়ে কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন।

  •  
  •  
  •  
  •