জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
নিউজ ডেস্ক:
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সরকার সুনামি সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে সরে যাওয়া পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, আজ সোমবার এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের কারণে জাপান সাগরের উপকূল বরাবর ১ মিটার উঁচু সুনামি আঘাত হানতে পারে বলে ধারনা করা হচ্ছে। ভূমিকম্পের পরপরই জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা উপকূলীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে।
এদিকে আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জাপানের নতো অঞ্চলের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪।
এর আগে, গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনও সুনামি সতর্কতা জারি করেছিল জাপান সরকার।

