শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবসে ওবামার শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক:
ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লন্ডনে গ্লোব থিয়েটার পরিদর্শন করেছেন। শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবসে শনিবার যুক্তরাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে সফল এ নাট্যকারের স্মৃতির স্মরণে যুক্তরাজ্যসহ দেশে দেশে মঞ্চস্থ হচ্ছে তার রচিত নাটক।

মহান এ নাট্যকারের জন্ম তারিখ নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ব্যাপ্টিজড হয়েছিলেন ২৬ এপ্রিল, ১৫৬৪ সালে। অনেকে এ তারিখকে শেকপিয়ারের জন্মদিন হিসেবে উল্লেখ করে থাকেন। ক্ষণজন্মা এ সাহিত্যিক ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান। তবে মরেও তিনি অমর। তার সৃষ্টিকর্মে তিনি শতাব্দীর পর শতাব্দী বেঁচে আছেন এবং থাকবেন- বিশ্বসাহিত্যে।

শনিবার শেক্সপিয়ারের মৃত্যুদিবসে লন্ডনে গ্লোব থিয়েটার নাটক মঞ্চায়ন করছে। প্রেসিডেন্ট ওবামা থিয়েটার পরিদর্শনে গেলে তার সম্মানে হ্যামলেট নাটকের অংশবিশেষ প্রদর্শন করা হয়।

শেক্সপিয়ারের পরিকল্পনায় ১৫৯৯ সালে গ্লোব থিয়েটার নির্মিত হয়। ১৬১৩ সালে আগুনে পুড়ে থিয়েটারটি ভস্মীভূত হয়। ১৬১৪ সালে একই স্থানে গ্লোব থিয়েটার পুনর্নির্মাণ করা হয়, যা ১৬৪২ সালে বন্ধ হয়ে যায়। শেক্সপিয়ারের স্মৃতিবিজড়িত সেই থিয়েটারের আদলে উন্মুক্ত নাট্যশালা ‘শেক্সপিয়ার গ্লোব’ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৭ সালে এটির উদ্বোধন হয়। এ নাটশালায় শুধু শেক্সপিয়ার রচিত নাটক মঞ্চায়ন হয়।

শনিবার শেক্সপিয়ার গ্লোবে প্রেসিডেন্ট ওবামার সম্মানে নাটক প্রদর্শন করে সেই থিয়েটার, সেটি ২০১৪ সাল থেকে শুরু করে দুই বছর ধরে বিশ্বের ১৯৭টি দেশে প্রায় ১ লাখ লোককে নাটক দেখিয়েছে। ওবামা হ্যামলেট নাটকের কিছু অংশ উপভোগ করেন।

হ্যামলেট নাটকের বিখ্যাত স্বগতোক্তি ‘টু বি অর নট টু বি’ শোনানো হয় হয় ওবামাকে। শিল্পীদের মঞ্চাভিনয় দেখে মুগ্ধ হন তিনি। ওবামা বলেন, ‘চমৎকার মঞ্চাভিনয়।’ শেক্সপিয়ার গ্লোবের খোলা মঞ্চের সামনে দাঁড়িয়ে অভিনয় উপভোগ করেন ওবামা। এ ছাড়া কয়েক মিনিট থিয়েটার ঘুরে দেখেন তিনি। জানার জন্য থিয়েটার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন তিনি।

শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুদিবস ঘিরে যুক্তরাজ্যের থিয়েটার ও গণমাধ্যম ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্র্যার্টফোর্ট আপন-অ্যাভনে ‘রয়্যাল শেক্সপিয়ার থিয়েটার’ থেকে মঞ্চাভিনয় সরাসরি সম্প্রচার করবে বিবিসি। এ অনুষ্ঠানে থাকবেন প্রিন্স চার্লস ও তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল।

  •  
  •  
  •  
  •  

Tags: