হোয়াইট হাউসে সাংবাদিকদের বিদায়ী নৈশভোজে ওবামার মজার ভাষণ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে দেয়া বক্তৃতায় হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজার মজার নানা মন্তব্য করেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ দাতাদের জন্য হোয়াইট হাউসে ওবামার দেয়া এটাই সবশেষ নৈশভোজ। কারণ এ বছরের শেষেই তার মেয়াদ শেষ হচ্ছে। ঐতিহ্য অনুযায়ী এই ভাষণ হয় হালকা ঢংয়ের এবং ওবামার গতকালের ভাষণেও হাসির খোরাকের অভাব ছিল না। খবর বিবিসি।

ডেমোক্রাট শিবিরের প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার লড়াইয়ে রত হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমার এই ভাষণটি যদি ভালো হয়, তাহলে আমি এটাকে একটু অদল-বদল করে গোল্ডম্যান স্যাকসকে দেবো।’ হিলারি ক্লিনটন তার কিছু ভাষণের জন্য গোল্ডম্যান স্যাক্সএর কাছ থেকে ৬ লাখ ৭৫ হাজার ডলার পেয়েছিলেন।

ওবামা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নের জন্য লড়াইয়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, কই তিনি কোথায়? তিনি কি ঘরে বসে ট্রাম্প স্টেইক খাচ্ছেন? নাকি অ্যাঙ্গেলা মারকেলকে বিদ্রুপ করে টুইট করছেন? ডোনাল্ড ট্রাম্প পররাষ্ট্রনীতির কিছু বোঝেন না বলে যারা মনে করেন, তাদের বলছি, তিনি কিন্তু গত কয়েক বছরে বেশ কিছু বিদেশী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেমন মিস সুইডেন, মিস আর্জেন্টিনা, মিস আজারবাইজান।

তিনি আরও বলেন, কিছু বিদেশি নেতাও অপেক্ষা করছেন, কবে আমি এখান থেকে বিদায় হবো।

ওবামা তার ভাষণ শেষ করেন, তার বিরোধীদের অনুকরণে ‘ওবামা আউট!’ বলে। তার পর তিনি একটি মাইক্রোফোন মাটিতে ফেলে দেন।

  •  
  •  
  •  
  •  

Tags: