মন্ত্রিত্ব হারালেন সৌদি তেলমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ২০ বছর সৌদি আরবের তেল মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা আলি-আল নাইমিকে এবার মন্ত্রী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয় মন্ত্রিসভায় বড় ধরণের রদবদল এনেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
আলি আল নাইমিকে দায়িত্ব থেকে সরিয়ে রাজকীয় আদালতের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে গত মাসেই অর্থনীতিতে বড় ধরণের সংস্কার আনার ঘোষণা দিয়েছিল সৌদি বাদশাহ।
এরই মধ্যে জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জ্বালানি, শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আর এর দায়িত্ব দেয়া হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল-ফালিহকে। এদিকে বাণিজ্য এবং শিল্প মন্ত্রীকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। পরিবর্তন করা হয়েছে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও।
এর আগে, বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রফতানিকারক দেশ সৌদি আরব তেলের উপর নির্ভরশীলতা অবসানে গত মাসে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার কার্যক্রমের ঘোষণা দেয়। তেলের দাম পড়তির মধ্যেও গত বছর দেশটির রাজস্বের ৭০ শতাংশ আসে এই পণ্য থেকে। এরই মধ্যে তেল রফতানির আয় কমে যাওয়ায় আন্তর্জাতিক ব্যাংকগুলো থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
১৯৯০ সালে ইরাকের কুয়েত দখলের সময় ঋণ নেয়ার ২৫ বছর পর তেল রফতানি আয় কমে যাওয়ায় ফের ঋণ নিতে বাধ্য হচ্ছে দেশটি। শুধু গত বছরই তাদের তেল রফতানি থেকে আয় কমেছে ২৩ শতাংশ। আলি আল-নাইমি ২০ বছর ধরে বিশ্ব তেল বাজারে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন।

