মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৬০ বাংলাদেশিসহ গ্রেফতার ১৫৪

অন্তর্জাতিক ডেস্ক:
বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ ৬০ বাংলাদেশিসহ ১৫৪ জনকে গ্রেফতার করেছে।

সোমবার রাতে দেশটির রাজধানীর কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের সান কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানায় দ্য স্টার।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত সংবাদে বলা হয়, দেশটির অভিবাসন পুলিশের অভিযানে সান কমপ্লেক্সের ৪৩৫ জনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৩২ নারীসহ ১৫৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ৬০ বাংলাদেশি, ২২ ইন্দোনেশীয়, ৩৫ মিয়ানমারের নাগরিক, ১৯ নেপালি, ছয় পাকিস্তানি, সাত ফিলিপাইনের নাগরিক, একজন ভারতীয়, চারজন ভিয়েতনামের নাগরিক।

জানা গেছে, অভিবাসন পুলিশসহ কুয়ালালামপুরের বিভিন্ন সরকারি সংস্থার ৫০০ কর্মী এই অভিযানে অংশ নেন।

সান কমপ্লেক্সে পুলিশ ও অভিবাসন কর্মকর্তাদের সাঁড়াশি অভিযানে ৩২ বছর বয়সী এক নারী পালাতে গিয়ে সান কমপ্লেক্সের ১৫তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় পুলিশ প্রধান অমর সিং ইশার বলেন, অভিযান চলাকালে ওই নারী পালাতে গিয়ে পড়ে যান। তার মরদেহ কুয়ালালামপুরে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিবাসন পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান অমর সিং ইশার

  •  
  •  
  •  
  •