সাতক্ষীরা জেলার এক আদর্শ দুগ্ধ পল্লীর গল্প (ভিডিও)
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে জেয়ালা গ্রাম। এই গ্রামের ঘোষপাড়ায় ১৫০টি পরিবারের প্রায় এক হাজার লোকের বসবাস। মানুষের প্রধান কাজ কৃষি ও গরু পালন। ঘোষ পাড়ায় প্রায় আড়াই হাজার ছোট-বড় গরু রয়েছে। এখানকার মানুষ দুগ্ধ খামারের উপর নির্ভরশীল।
এখানে রয়েছে ১৫০টি দুগ্ধ খামার। খামারগুলোতে জার্সি, ফ্রিজিয়ান, শাহীওয়াল, হলেস্টাইনসহ বিভিন্ন জাতের গরু রয়েছে। এরমধ্যে জার্সি, ফ্রিজিয়ান ও শাহীওয়াল গরুর সংখ্যা বেশি। এখানে যত গরীব পরিবারই হোক না কেন তাদের কমপক্ষে ৩ থেকে ৪টি গরু রয়েছে। আর অবস্থাসম্পন্ন পরিবারের রয়েছে ৬ থেকে ৬০টি গরু। এমনও পরিবার আছে প্রতিদিন ৬/৭ মণ দুধ বিক্রি করেন। সবমিলিয়ে এখানে প্রতিদিন প্রায় ১১ হাজার লিটার দুধ উত্পাদন হচ্ছে। যা সাতক্ষীরার বিনেরপোতা, খুলনায় ব্রাক’র আড়ং, আঠারমাইল ও জাতপুর প্রাণসহ বিভিন্ন কারখানায় বিক্রয় করা হয়। সকালের দুধ থেকে বিকেলের দুধের দাম বেশি পায় খামারিরা। নিজস্ব তত্ত্বাবধায়নে প্রতিদিন সকালে ও বিকেলে কারখানাগুলোতে দুধ পৌঁছে দিতে হয় খামারিদের। আর গো-খাদ্যের জন্য খামারিদের প্রায় ২৫ একর জমিতে রোপিত আছে হাইব্রিড নেপিয়ার, প্যারা ও ইপিল ইপিল ঘাস। সেখান থেকে কেটে খাওয়ানো হয় গরুগুলোকে।
এদিকে গরু পালনের ফলে এখানকার কৃষকের কৃত্রিম সার বাবদ ব্যয়ও অনেক কম হয়েছে। আর অধিকাংশ খামারের গোবর বিভিন্ন চিংড়ি ঘেরে বিক্রির পাশাপাশি জ্বালানি কাজেও ব্যবহার হচ্ছে। এছাড়া ঘোষপাড়ায় রয়েছে ১৫ থেকে ২০টি বায়োগ্যাস প্লান্ট। যা রান্না-বান্নাসহ বৈদ্যুতিক কাজেও ব্যবহূত হচ্ছে। এছাড়া দুগ্ধ খামারকে কেন্দ্র করে জেয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি, জেয়ালা প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি লিমিটেড, জেয়ালা পশ্চিমপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি লিমিটেড, জেয়ালা মধ্যপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি লিমিটেড এবং জেয়ালা পূর্বপাড়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি লিমিটেড নামে ৫টি সমবায় সমিতি গঠন করা হয়েছে। সমিতি থেকে যেমন সদস্যদের ঋণ দেয়া হচ্ছে তেমনি গ্রামের রাস্তা-ঘাট নির্মাণ, দুস্থ পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ করা হচ্ছে।
তালা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পরিতোশ কুমার রায় জানান, এ দুগ্ধ গ্রামের খামার মালিকদের মাঝে ইতিমধ্যে ২ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা সরকারি অনুদান দেয়া হয়েছে। এছাড়া “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের অর্থায়নে সমবায় অধিদপ্তর কর্তৃক সম্প্রতি ২৫০ জন গাভী পালনকারী ব্যক্তির অনুকূলে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট আড়াই কোটি টাকা সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, গরুর খামার জেয়ালা গ্রামের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। তবে এখানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা খুবই জরুরি হয়ে পড়েছে।

