সিংড়ায় পাখি ব্যবসায়ীর কারাদন্ড : অবমুক্ত হলো টিয়া

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় পাখি ক্রয়-বিক্রয়ের অপরাধে রতন আলী (৪২) নামের এক পাখি ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিংড়া বাজারে অভিযান পরিচালনা করে টিয়া পাখি ক্রয়-বিক্রয়ের সময় ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বন্যার পানি নেমে যাওয়ার সময় খাবারের সন্ধানে বক, বালিহাস সহ বিভিন্ন প্রজাতির ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম ঘটে চলনবিল অঞ্চলে। এই সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু পাখি শিকারী ও ব্যবসায়ীরা পাখি শিকার ও ক্রয়-বিক্রয়ে মেতে উঠে।

সোমবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে এমনই এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। সিংড়া পৌর শহরের মুরগী হাটি বাজারে পার্শ্ববর্তী জেলা বগুড়ার নন্দীগ্রাম এলাকার আব্দুল গফ্ফারের ছেলে রতন আলীকে সেখানে পাখি বিক্রয় করছিল। তাকে টিয়া পাখিসহ আটক করা হয়। পরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান আটক ওই ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পাখি দু’টি অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মোহসিন আলম প্রমূখ।

  •  
  •  
  •  
  •  

Tags: