সাফারি পার্কে কমন ইল্যান্ডের ঘরে নতুন শাবক
গাজীপুর প্রতিনিধি:
দক্ষিণ আফ্রিকা থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা প্রাণি ‘কমন ইল্যান্ড’ একটি শাবকের জন্ম দিয়েছে।
গত সোমবার সাফারি পার্কে ওই শাবকটির জন্ম হয়। নবজাতকটি মাদি। মা-বাচ্চা উভয়ই বর্তমানে সুস্থ রয়েছে। নতুন এ অতিথি নিয়ে এখন সাফারি পার্কে কমন ইল্যান্ডের সংখ্যা তিনটি।
সাফারি পার্কের বন্যপ্রাণি পরিদর্শক সারোয়ার হোসেন খান জানান, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে এ সাফারি পার্কে একটি মাদি ও একটি পুরুষ কমন ইল্যান্ড আনা হয়। গত ২৬ ফেব্রুয়ারি সোমবার সাফারি পার্কে একটি মাদি বাচ্চা প্রসব করে। মা-বাচ্চা উভয়ই সুস্থ রয়েছে। জন্মের পরপরই বাচ্চাটি উঠে দাঁড়ায়, সে স্বাভাবিকভাবে তার মায়ের দুধ পান করছে। জন্মের পর থেকে শাবকটির বাবা-মা তার যত্ন নিচ্ছে এবং শাবককে নিজেদের কাছে রাখছে। মাঝে মধ্যে শাবটিকে লুকিয়ে রেখে নিজেরা খেয়ে শাবকের কাছে ফিরছে।
তিনি আরো জানান, কমন ইল্যান্ড তৃণভোজী প্রাণী। এরা সাধারণত ঘাস, লতাপাতা ইত্যাদি খেয়ে থাকে। পাশাপাশি এদেরকে গাজর, ছোলা, ভুট্টা ঘাস, ভুসি দেওয়া হচ্ছে।

