৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা ও সেমিনার শুরু ৮ মার্চ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) চতুর্থবারের মতো আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা ও সেমিনার আয়োজন করতে যাচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এই মেলা আগামী ৮ মার্চ হতে ১০ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে। এই প্রদর্শনী আন্তর্জাতিক মানের সেমিনার এবং মেলা – দুটি পর্বে বিভক্ত।
মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ১২৫টি কোম্পানির ৩০০টি স্টল রয়েছে। এ মেলা ও সেমিনার দেশের ডেইরি মৎস্য ও পোষাপ্রাণি সেক্টরের সমস্যা ও এর প্রতিকার, কারিগরি উন্নয়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পুরণে ব্যাপকভাবে অবদান রাখবে।
মেলা আগামী ৮ মার্চ সকাল সাড়ে ১১টায় উদ্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এমপি বিশেষ অতিথি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন।
মেলায় বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালী, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জাপান, চীন, স্পেন, তুরস্ক, রোমানীয়া, ভিয়েতনাম, কোরিয়া, ভারত, থাইল্যান্ডসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাাতিক অঙ্গনে খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং এ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরনাদি উপস্থাপন করা হবে।
বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারী, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে এ সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায়, নতুন বিনিয়োগ, সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান আহরণের মাধ্যমে এ সেক্টরে অবদান রাখতে সক্ষম হবেন। কোন প্রকার প্রবেশ ফি ছাড়াই যেকোনো দর্শনার্থী প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন।
আয়োজক কমিটি মেলার সঙ্গে ৩ দিনব্যাপী সেমিনারেরও আয়োজন করছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি-বিদেশি ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি বিজ্ঞানীরা সেমিনারে অংশ নেবেন যেখানে প্রায় ৬১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থনে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলাটি প্লাটিনাম স্পন্সর হিসেবে এমএসডি এ্যানিমেল হেল্থ (বেঙ্গল ওভারসিস লিমিটেড), গোল্ড স্পন্সর হিসেবে পিভিএস গ্রুপ, ভারত এবং সিলভার স্পন্সর হিসেবে ঢাকা গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে।

