যশোরে উদ্ধারকৃত ৮ জেব্রা বঙ্গবন্ধু সাফারি পার্কে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নতুন আটটি জেব্রার আগমন ঘটেছে। যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাট থেকে উদ্ধারকৃত জেব্রাগুলো বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই পার্কে অবমুক্ত করা হয়।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া জানান, মঙ্গলবার বিকালে যশোরের শার্শা উপজেলার সাতমাইল গরুর হাটের খোয়াড়ে ১০টি জেব্রা বাঁধা ছিল। খোয়াড়ের পাশে বড় দুটি কার্টুন বাঁধা ছিল। জেব্রাগুলোর মধ্যে একটি পুরুষ ও বাকিগুলো মাদী।

আশপাশে কেউ না থাকায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে জেলা গোয়েন্দা পুলিশ জেব্রাগুলো মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর পুলিশ লাইনে নিয়ে যায়। ততক্ষণে একটি জেব্রা মারা যায়।

বুধবার সকাল ১০টার দিকে জেব্রাগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর আরও একটি জেব্রা মারা যায়। পরে বৃহস্পতিবার দুপুরে আটটি জেব্রা গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। এগুলোকে ভারতে পাচারের উদ্দেশে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়েছিল।

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন জানান, পার্কে আগে আরও ১৪টি জেব্রা ছিল। তার মধ্যে তিনটি পার্কে জন্ম নেয়া শাবক। নতুন আটটি মিলে এবার পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ২২টিতে। তিনি বলেন, নতুন আনা জেব্রাগুলো অপেক্ষাকৃত দুর্বল। এগুলোকে তিন সপ্তাহ সঙ্গরোধ অবস্থায় রাখা হবে। ঝুঁকিপূর্ণ কোনো রোগব্যাধি রয়েছে কিনা, তা যাচাই-বাছাই করে দেখা হবে। এদের বয়স তিন থেকে সাড়ে তিন বছর এবং অপ্রাপ্ত।

ডা. নিজাম উদ্দিন জানান, স্বাভাবিক অবস্থায় রাখতে এগুলোকে প্রথমে গ্লুকোজ মিশ্রিত খাবার পানি দেয়া হয়েছে। খাবার হিসেবে মূলত ভুট্টা, গম, ঘাস, গাজর, ছোলা, গমের ভুসি দেয়া হচ্ছে। প্রাপ্তবয়স্ক বা সাড়ে চার থেকে পাঁচ বছরের জেব্রা বছরে একটি করে বাচ্চা দেয়।

  •  
  •  
  •  
  •  

Tags: